ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

ফয়সালের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন’: সিআইডি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের ব্যাংক হিসাবে ১২৭ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের তথ্য পেয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এই বিপুল অর্থ মানিলন্ডারিং, সংঘবদ্ধ অপরাধ বা কোনো সন্ত্রাসী কার্যক্রমে অর্থায়নের সাথে সম্পৃক্ত কি না, তা খতিয়ে দেখতে আনুষ্ঠানিক অনুসন্ধান শুরু করেছে সংস্থাটি।রবিবার (২১ ডিসেম্বর) রাতে সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) আবু তালেব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়।


সিআইডি জানায়, হাদি হত্যাকাণ্ডের প্রধান শুটার ফয়সাল এখনো পলাতক থাকলেও তার পরিবারের সদস্য ও সহযোগীদের গ্রেপ্তারের সময় বেশ কিছু ব্যাংকের চেকবই উদ্ধার করা হয়। এই চেকবইগুলো বিশ্লেষণ করে দেখা গেছে, ফয়সাল ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বিভিন্ন অংকের অর্থের উল্লেখসহ অসংখ্য চেক রয়েছে। চূড়ান্তভাবে লেনদেন সম্পন্ন না হওয়া এই রেকর্ডগুলোর সমষ্টিগত মূল্য প্রায় ২১৮ কোটি টাকা।


প্রাথমিক বিশ্লেষণে সিআইডি দেখতে পেয়েছে, অভিযুক্ত ফয়সালের বিভিন্ন ব্যাংক হিসাবে ইতিমধ্যে ১২৭ কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন সম্পন্ন হয়েছে। এর পেছনে কোনো বড় ধরনের নেটওয়ার্ক বা শক্তিশালী কোনো মহলের ইন্ধন রয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে।


সিআইডি জানিয়েছে, তারা ইতিমধ্যে মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ অনুযায়ী অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে। এছাড়াও মূল অভিযুক্ত ও তার সহযোগীদের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে থাকা প্রায় ৬৫ লাখ টাকা দ্রুততম সময়ে রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করার আইনি প্রক্রিয়া শুরু হয়েছে। এই অর্থের উৎস এবং এর মাধ্যমে হত্যাকাণ্ডের জন্য অস্ত্র কেনা বা পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন করা হয়েছে কি না, তা একাধিক টিম তদন্ত করছে। তদন্ত সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফয়সাল করিম মাসুদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। ২০১৯ সালের ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি।


অভিযোগ রয়েছে, গত ১২ ডিসেম্বর পুরানা পল্টনে চলন্ত রিকশায় থাকা ওসমান হাদিকে খুব কাছ থেকে মাথায় গুলি করেছিলেন এই ফয়সাল। এরপর সহযোগীদের সহায়তায় তিনি সীমান্ত পাড়ি দেওয়ার চেষ্টা করেন। ১৮ ডিসেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওসমান হাদি। এই হত্যাকাণ্ডের পর থেকেই সারা দেশে বিচারের দাবিতে আন্দোলন চলছে এবং খুনি ফয়সালকে ধরিয়ে দিতে সরকার ৫০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।

ads
ads
ads

Our Facebook Page

↑